
হুগলি , ১২ মে (হি.স.) : ভোট-পরবর্তী পরিস্থিতি ও দলীয় শৃঙ্খলা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। মঙ্গলবার গোঘাটের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তিনি ভোট-পরবর্তী হিংসা নিয়ন্ত্রণ এবং ‘স্বঘোষিত বিজেপি’ ইস্যুতে কড়া বার্তা দেন।
প্রশান্ত দিগার বলেন, বিজেপি একটি নিয়মতান্ত্রিক দল এবং দলের নিজস্ব সাংগঠনিক কাঠামো রয়েছে। শুধুমাত্র গেরুয়া আবির মেখে নিলেই কেউ বিজেপির কর্মী বা সমর্থক হয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বর্তমানে অনেকেই ব্যক্তিগত স্বার্থে নিজেদের বিজেপি পরিচয় দিচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
তিনি আরও জানান, ভোট-পরবর্তী সময়ে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন তাঁদের প্রধান লক্ষ্য। কোনওরকম অশান্তি বা হিংসার ঘটনাকে বিজেপি সমর্থন করে না বলেও স্পষ্ট বার্তা দেন বিধায়ক।
এদিনের সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপির অন্দরে দলীয় শৃঙ্খলা জোরদার এবং সংগঠনকে শক্তিশালী করার বার্তাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA