


গুয়াহাটি, ১২ মে (হি.স.) : মঙ্গলবার, ঘড়ির কাটায় সকাল ঠিক ১১:৪০ মিনিট। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করেছেন হিমন্তবিশ্ব শর্মা। এছাড়া পরিষদীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রামেশ্বর তেলি (বিজেপি), অজন্তা নেওগ (বিজেপি), দুই শরিক দল যথাক্রমে অগপ-র অতুল বরা এবং বিপিএফ-এর চরণ বড়ো। তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। নিষ্ঠার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি ‘বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস এবং আনুগত্য পোষণ, ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা ও অখুণ্ণ রাখা’র শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী সহ অন্য চার পরিষদীয় মন্ত্রী।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-৩.০ সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় ভূতল পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি, নির্মলা সীতারমণ, অশ্বিনী বৈষ্ণব, চিরাগ পাশোয়ান, জ্যোতিরাদিত্য সিন্দিয়া, শিবরাজসিং চৌহান, কিরেন রিজিজু, সর্বানন্দ সনোয়াল সহ আরও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, পঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া (অসমের প্রাক্তন রাজ্যপাল), বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী যথাক্রমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশ, দিল্লির রেখা গুপ্তা, বিহারের সম্রাট চৌধুরী, ছত্তিশগড়ের বিষ্ণুদেও সাই, মধ্যপ্রদেশের ড. মোহন যাদব, গোয়ার প্রমোদ সাওয়ন্ত, গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল, রাজস্থানের ভজনলাল শর্মা, ওড়িশার মোহন চরণ মাঝি, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, হরিয়ানার নয়াব সিং সাইনি, বিহারের সম্রাট চৌধুরী, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ত্রিপুরার ডা. মানিক সাহা, অরুণাচল প্রদেশের পেমা খাণ্ডু, মেঘালয়ের কনরাড কে সাংমা, মণিপুরের ইউমনাম খেমচাঁদ সিং, সিকিমের প্রেম সিং তামাং, মিজোরামের লালদুহোমা, এনডিএভুক্ত বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-প্রধান হাগ্রামা মহিলারি প্রমুখ, বেশ কয়েকজন শিল্পপতি, সিঙ্গাপুর, ভুটান সহ কয়েকজন বিদেশি প্রতিনিধি, ১৭ জন সত্রাধিকার (অসমের বৈষ্ণব পরম্পরার আধ্যাত্মিক গুরু),
এছাড়া ছিলেন বিজেপির জাতীয় সংগঠনিক মহাসচিব বিএল সন্তোষ, জাতীয় উপ-সভাপতি বৈজয়ন্তজয় পাণ্ডা, জাতীয় মহাসচিব তরুণ চুগ, অসম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, দলের জাতীয় ও রাজ্যস্তরের আরও কয়েকজন শীর্ষ নেতা ও রাজ্যের সব জেলা ও বুথস্তরের কার্যকর্তা, আমন্ত্রিত বিশিষ্ট অতিথিগণ এবং কয়েক লক্ষ বিজেপি এবং শরিক দলের কর্মী-সমর্থকবৃন্দ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস