
মির্জাপুর, ১২ মে ( হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুরে ঘটলো এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে , রাজগড় থানার অন্তর্গত এক স্থানীয় বাজারের অনতিদূরে অবস্থিত একটি কলেজের সামনে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক প্রৌঢ় কৃষকের । এদিন পুলিশ সূত্রে জানা গেছে , মৃতের নাম প্রভাশঙ্কর সিং (৫৮) । তিনি আদলহাট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত পলাতক অভিযুক্ত বাইক চালক।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , এদিন বিকেলে রাজগড়ের নদীহার বাজারে গিয়েছিলেন প্রভাশঙ্কর। রাজগড় বাজারের কাছে অবস্থিত কলেজের কাছে ঘটে দুর্ঘটনাটি। রাস্তার অপর দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি বাইকের সঙ্গে প্রভাশঙ্করের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে প্রভাশঙ্কর সংজ্ঞা হারান। স্থানীয়দের সহায়তায় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক