এক মাস আগেই মিলবে বর্ষার সঠিক পূর্বাভাস, এআই ভিত্তিক নতুন পরিষেবা চালু কেন্দ্রের
নয়াদিল্লি, ১২ মে (হি.স.): দেশে আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা আরও আধুনিক ও নির্ভুল করতে মঙ্গলবার দু’টি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক পরিষেবা চালু করল কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক। এর ফলে এবার থেকে গ্রাম ও ব্লক স্তর পর্যন্ত বর্ষার সঠি
এক মাস আগেই মিলবে বর্ষার সঠিক পূর্বাভাস, এআই ভিত্তিক নতুন পরিষেবা চালু কেন্দ্রের


নয়াদিল্লি, ১২ মে (হি.স.): দেশে আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা আরও আধুনিক ও নির্ভুল করতে মঙ্গলবার দু’টি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক পরিষেবা চালু করল কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক। এর ফলে এবার থেকে গ্রাম ও ব্লক স্তর পর্যন্ত বর্ষার সঠিক পূর্বাভাস চার সপ্তাহ আগেই জানা যাবে। প্রতি বুধবার এই পূর্বাভাস প্রকাশ করা হবে। পাশাপাশি উত্তর প্রদেশের কৃষকদের জন্য বিশেষ পরিষেবাও চালু হয়েছে, যার মাধ্যমে ১০ দিন আগেই এক কিলোমিটারের মধ্যে আবহাওয়ার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি), পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি (আইআইটিএম) এবং ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং (এনসিএমআরডব্লিউএফ) যৌথভাবে এই প্রযুক্তি তৈরি করেছে।

মঙ্গলবার পরিষেবা উদ্বোধনের অনুষ্ঠানে আইএমডি-র মহাপরিচালক ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, প্রথম এআই সিস্টেমটি বর্ষার অগ্রগতির পূর্বাভাস ১০ দিন আগেই দিতে পারবে। অর্থাৎ কেরলমে বর্ষা প্রবেশের পর আগামী ১০ দিনে দেশের কোন রাজ্যের কোন গ্রাম পর্যন্ত বর্ষা পৌঁছাবে, তার সুনির্দিষ্ট তথ্য মিলবে। এতে ১৬টি রাজ্য এবং ৩ হাজারের বেশি জেলার কৃষক ও প্রশাসন উপকৃত হবে।

এছাড়া উত্তর প্রদেশের জন্য এক কিলোমিটার রেজোলিউশনের হাই স্পেশিয়াল রেনফল ফোরকাস্ট সিস্টেম চালু হয়েছে, যা ১০ দিন আগেই অত্যন্ত নির্ভুলভাবে বৃষ্টির পূর্বাভাস দিতে সক্ষম হবে। নতুন এই প্রযুক্তিতে এআই, স্যাটেলাইট ডাটা, ডপলার রাডার এবং অটোমেটিক ওয়েদার স্টেশনের তথ্য ব্যবহার করা হয়েছে, ফলে পূর্বাভাসের নির্ভুলতা অনেকটাই বাড়বে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং বলেন, গত কয়েক বছরে দেশের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এক সময় দেশে মাত্র ১৬-১৭টি ডপলার রাডার ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় ৫০ হয়েছে এবং ‘মিশন মৌসম’-এর অধীনে আরও ৫০টি রাডার বসানোর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, গত এক দশকে দেশে চরম আবহাওয়ার পূর্বাভাসের নির্ভুলতা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। গত পাঁচ বছরে ঘূর্ণিঝড়ের গতিপথ, তীব্রতা এবং ভূমিধসের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ৩০ থেকে ৩৫ শতাংশ উন্নতি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়ার ঘটনা বাড়তে থাকায় নির্ভুল ও সময়োপযোগী পূর্বাভাস এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্র সরকার আবহাওয়া ও জলবায়ু পরিষেবার আধুনিকীকরণে একাধিক বড় পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande