
মুম্বই, ১২ মে (হি.স.): সোমবার পড়েছিল সেনসেক্স। সেই রক্তক্ষরণ অব্যাহত মঙ্গলবারও। এদিন সকালেই ৮০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্স। নিফটি-র সূচক পড়েছে ২০০ পয়েন্টেরও বেশি। এদিকে, মঙ্গলবার সকালে বাজার খুলতেই টাকার দাম অন্তত ২৭ পয়সা কমে যায়। তার ফলে ডলার প্রতি টাকার মূল্য সাড়ে ৯৫ টাকারও উপরে পৌঁছে যায়। টাকার দামে এটাই সর্বকালীন পতন।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ার যুদ্ধের ধাক্কায় গত ৪ মার্চ প্রথমবার টাকার দাম ৭০ পয়সা বেড়ে ৯২-এর গণ্ডি ছাড়িয়ে যায়। মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯২.১৭ টাকা। মাত্র পাঁচদিনের মধ্যেই আরও ধস নামে টাকার মূল্যে। সর্বকালের রেকর্ড পতনের ফলে ডলারের দাম গিয়ে দাঁড়ায় ৯২.৩০ টাকায়। যুদ্ধ চলতে থাকলে টাকার দামে এই রক্তক্ষরণও অব্যাহত থাকবে, আশঙ্কা ছিল। সেই আশঙ্কা সত্যি করে ৯৫-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে টাকা, মাত্র দু’মাসের মধ্যে। সর্বকালীন রেকর্ড পতনের নতুন নজির তৈরি হচ্ছে প্রত্যেক সপ্তাহেই। সেই ধারা বজায় রেখে ৯৬-এর খুব কাছে পৌঁছে গেল টাকার দাম।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায়, তার প্রভাব রয়েছে ভারতের শেয়ার বাজারে। ক্রমাগত বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়া এবং সামগ্রিক ভাবে বিশ্ব বাজারে ধাক্কা লাগায় এই পরিস্থিতি দেখা যাচ্ছে ভারতে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ