
নয়াদিল্লি, ১২ মে (হি.স.): আন্তর্জাতিক নার্স দিবসের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে নাড্ডা জানান, নার্সরা দেশের ভবিষ্যৎ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা এদিন আন্তর্জাতিক নার্স দিবসের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, আন্তর্জাতিক নার্স দিবসে, আমরা আমাদের নার্সদের অবিচল সহানুভূতি, সহনশীলতা ও নিষ্ঠাকে সম্মান জানাই।
নাড্ডা আরও জানান, এই বছরের ভাবনা আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। নার্সরা জীবন বাঁচায়-এর প্রতিধ্বনি করে আমরা দেখি, কীভাবে নার্সরা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করে এবং দেশের অগ্রগতিকে চালিত করে। তাঁদের কল্যাণে বিনিয়োগের মাধ্যমে আমরা স্বাস্থ্যকর, সমৃদ্ধ সমাজ এবং একটি বলিষ্ঠ ভবিষ্যৎ গড়ে তুলি। আসুন, যারা নিঃস্বার্থভাবে আমাদের সকলের সেবা করেন, তাঁদের সম্মান করি, রক্ষা করি এবং উন্নত করি।
বিশ্বজুড়ে মঙ্গলবার 'আন্তর্জাতিক নার্স দিবস' পালিত হচ্ছে। আধুনিক নার্সিং-এর পথ প্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণ করে প্রতি বছর ১২ মে দিনটি পালিত হয় 'ইন্টারন্যাশনাল নার্সেস ডে' হিসেবে। চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা সবাইকে স্মরণ করিয়ে দেয় এই দিনটি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ