
শ্রীনগর, ১২ মে (হি.স.) : জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে চুনাপাথর (লাইমস্টোন) খনির ১২টি ব্লকের ই-নিলামের দ্বিতীয় ধাপ শুরু করল খনিজ মন্ত্রক। মঙ্গলবার একটি কর্মসূচির মাধ্যমে এই নিলাম প্রক্রিয়ার সূচনা করেন খনিজ মন্ত্রকের সচিব পীযূষ গোয়েল।
মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুনভাবে চিহ্নিত ব্লকগুলির পাশাপাশি আগের দফায় বিক্রি না হওয়া ব্লকগুলিকেও এই পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনন্তনাগ, রাজৌরি ও পুঞ্চ জেলায় ছড়িয়ে থাকা মোট ১২টি চুনাপাথর ব্লক এই নিলামে রাখা হয়েছে।
সচিব পীযূষ গোয়েল জানান, খনন খাতে স্বচ্ছতা বৃদ্ধি, প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসা করার পরিবেশ উন্নত করাই সরকারের লক্ষ্য। তাঁর মতে, জম্মু ও কাশ্মীরের খনিজ সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এই নিলাম প্রক্রিয়া অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, ব্লকগুলি ইউএনএফসি গ্রেডিং অনুযায়ী জি-৩ ও জি-৪ পর্যায়ে শ্রেণিবদ্ধ। এগুলিতে বিশেষ করে সিমেন্ট ও পরিকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য