
ঝাড়গ্রাম, ১২ মে (হি.স.) : রাজ্যে ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে সংগঠনের শক্তি ও জনসমর্থনের বার্তা দিতে বড়সড় বিজয়োৎসবের আয়োজন করল বিজেপি। ঝাড়গ্রাম শহরের পুরসভা সংলগ্ন এলাকায় প্রায় তিন হাজার মানুষকে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বস্ত্রদান ও প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল প্রদান করা হয়। পাশাপাশি বাঙালি খাবারেরও ভরপুর আয়োজন ছিল।
বিভিন্ন রকমের আমিষ পদ, মিষ্টি থেকে শুরু করে নিরামিষ পদ—সব মিলিয়ে রাজনৈতিক আবহের মধ্যেই সামাজিক বার্তাও উঠে আসে। আয়োজনে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশিষ কুন্ডু।
ঝাড়গ্রাম জেলার চারটি আসনে বিজেপির সাফল্যকে সামনে রেখে কর্মী-সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন করা হয়। প্রায় তিনশো দুঃস্থ মানুষকে বস্ত্রদান এবং তিনজন প্রতিবন্ধী ব্যক্তিকে ট্রাইসাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ।
এদিন সাতটি বিধানসভা এলাকার বিজেপি নেতৃত্ব ছাড়াও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুরের আহারে ছিল নানা ধরনের বাঙালি পদ—মুগ ডাল, আলুভাজা, পটল পোস্ত, পনির, বিভিন্ন আমিস পদ , চাটনি, মিষ্টি ও আইসক্রিম।
বিজেপি নেতাদের দাবি, দলের বিরুদ্ধে প্রচার করা হয়েছিল যে তারা বাঙালির খাদ্যাভ্যাস পরিবর্তন করবে, সেই অপপ্রচারের জবাবও এই আয়োজনের মাধ্যমে দেওয়া হয়েছে।
ঝাড়গ্রাম জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশিষ কুন্ডু বলেন, “এটি মূলত আনন্দ ভাগ করে নেওয়ার অনুষ্ঠান। এখানে আমিষ থেকে নিরামিষ সবই ছিল। পাশাপাশি দুঃস্থদের সহায়তাও করা হয়েছে।”
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো