
কলকাতা, ১২ মে (হি.স.): হাসপাতালে ভর্তি হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর পরিবার সূত্রের খবর, কয়েক দিন ধরে প্রস্রাবের সংক্রমণে ভুগছিলেন মদন। সোমবার রাতে আচমকাই প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হয়। তড়িঘড়ি তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।
পরিবার সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তৃণমূল বিধায়ককে ছেড়ে দেওয়া হবে।
এ বারের বিধানসভা নির্বাচনে নিজের ‘গড়’ কামারহাটি থেকে প্রার্থী হয়েছিলেন মদন। গোটা রাজ্যে যখন তৃণমূলের ফল খারাপ হয়েছে, মদন কিন্তু তাঁর নিজের ‘গড়’ ধরে রাখতে সক্ষম হয়েছেন। কামারহাটি থেকে জিতেছেন মদন। হঠাৎ করে বর্ষীয়ান এই নেতা অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন তাঁর অনুগামীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ