
দুর্গাপুর, ১২ মে (হি.স.) : আট বছর আগে কাঁকসায় বিজেপি কর্মী সন্দীপ ঘোষ খুনের মামলায় নতুন করে ফাইল খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি তাঁকে “শহীদ” এর মর্যাদা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসার মলানদিঘি এলাকার সরস্বতীগঞ্জ সংলগ্ন এলাকায় দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে বিজেপি বুথ সভাপতি সন্দীপ ঘোষ দুষ্কৃতীদের হামলায় নিহত হন। অভিযোগ, রাস্তা আটকে লাঠি, রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনায় আরও এক বিজেপি কর্মী আহত হন।
ঘটনার পর মোট ৯ জনের বিরুদ্ধে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত এখনও অধরা বলে অভিযোগ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার ট্রায়াল শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মৃতের পরিবার।
মামলার অভিযোগকারী জয়দীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি আগের সরকারি আইনজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং পুনরায় তদন্তের দাবি জানিয়েছিলেন। বর্তমানে তিনি আশা প্রকাশ করেছেন যে নতুন করে ফাইল খোলার ফলে ন্যায়বিচার মিলবে।
মঙ্গলবার সন্দীপ ঘোষের পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ায় তাঁরা হতাশ ছিলেন, তবে নতুন সিদ্ধান্তে কিছুটা আশার আলো দেখছেন। তাঁরা এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন।
স্থানীয় বিজেপি বিধায়ক জানিয়েছেন, নিহত সন্দীপ ঘোষের নাম শহীদের তালিকায় রয়েছে এবং প্রয়োজনীয় নথি প্রশাসনে জমা দেওয়া হবে। তিনি আরও জানান, মামলার পুনরায় তদন্ত শুরু হলে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে কাঁকসা ও দুর্গাপুর এলাকায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা