
খানাকুল, ১২ মে (হি.স.) : খানাকুল গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গেলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখেন।
পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুশান্ত ঘোষ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিষেবার নামে প্রহসন চলছিল। সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলেও দাবি করেন তিনি।
বিধায়কের বক্তব্য, বর্তমানে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে এবং সেই প্রত্যাশা পূরণ করাই তাঁদের মূল লক্ষ্য। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পান, তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিন হাসপাতাল চত্বরে বিধায়কের উপস্থিতিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ হাসপাতালের বিভিন্ন সমস্যার কথাও তাঁর কাছে তুলে ধরেন বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA