
মালদা, ১২ মে (হি. স.) : মঙ্গলবার মালদা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের ঘোষণাকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। বিএসএফের মালদা সেক্টরের অধীনে জেলার প্রায় ৭১ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার মধ্যে প্রায় ২২ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতার বসানো হয়নি। বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর ও বামনগোলা থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই সীমান্ত।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাঁটাতার না থাকার সুযোগে দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ, চোরাচালান ও স্মাগলিংয়ের মতো অপরাধ বেড়ে চলেছে। এমনকি দিনের বেলায়ও বাংলাদেশের দিক থেকে লোকজন এসে ভারতীয় কৃষিজমির ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।২০২৫ সালের জানুয়ারি মাসে বৈষ্ণবনগর থানার শুকদেবপুর সীমান্ত এলাকায় ফসল কাটাকে কেন্দ্র করে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই সময় সীমান্তে কাঁটাতার বসানোর কাজে বাংলাদেশের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে ২৫ জানুয়ারি শুকদেবপুরে সভা করতে এসে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, বিজেপি সরকার গঠিত হলে সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত সম্পূর্ণ করা হবে। সেই ঘোষণার পর এবার নতুন করে আশার আলো দেখছেন সীমান্তবাসীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়