
বিজনৌর, ১২ মে ( হি.স.): উত্তর প্রদেশের বিজনৌরে উদ্ধার এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। মঙ্গলবার, ঝালওয়া শহরের রসুলপুর রোডে কবরস্থানের পিছনে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে উদ্ধার করা হয় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। এদিন ঝালওয়া থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃতদেহটি বেশ কিছুদিনের পুরোনো হওয়ায় দেহটি সম্পূর্ণ পচে যায়। যার জন্য মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিন রসুলপুর রোডে অবস্থিত পরিত্যক্ত বাড়িটি থেকে দুর্গন্ধ ভেসে আসায় স্থানীয়রা বাড়িতে প্রবেশ করে একটি মৃতদেহ দেখতে পায়। তাঁরা তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তল্লাশি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে একটি খালি ইনজেকশনের সিরিঞ্জ এবং মাদকের মোড়ক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক