
ভোপাল, ১২ মে (হি.স.) : মধ্যপ্রদেশের ভোপালে মঙ্গলবার আয়োজিত হচ্ছে ইন্দো-ফ্রেঞ্চ ইনভেস্টমেন্ট কনক্লেভ। এই অনুষ্ঠানে ফ্রান্সের একাধিক শীর্ষ সংস্থার প্রতিনিধি অংশ নেবেন। মধ্যপ্রদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব।
জনসংযোগ আধিকারিক ববিতা মিশ্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ডঃ যাদবের নেতৃত্বে শিল্প, পরিকাঠামো, নীতি সংস্কার, লজিস্টিক্স, স্কিল ডেভেলপমেন্ট এবং বিনিয়োগ সহায়তার ক্ষেত্রে মধ্যপ্রদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়েছে। এর ফলে বিশ্বের বড় বড় সংস্থার নজর পড়েছে রাজ্যের দিকে। আজকের এই ইন্দো-ফ্রেঞ্চ ইনভেস্টমেন্ট কনক্লেভে ফ্রান্সের খ্যাতনামা সংস্থা এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের উপস্থিতি সেই বাড়তে থাকা আস্থারই প্রতিফলন।
তিনি জানান, ভোপালের কুশাভাউ ঠাকরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইন্দো-ফ্রেঞ্চ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মধ্যপ্রদেশ সরকারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ফ্রান্সের রাষ্ট্রদূত, ফরাসি শিল্পমহলের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ আধিকারিক, মধ্যপ্রদেশ সরকারের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক এবং রাজ্যের শিল্প প্রতিনিধিরা অংশ নেবেন। এই কনক্লেভের মাধ্যমে মধ্যপ্রদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘমেয়াদি শিল্প, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করা হবে। একই সঙ্গে মধ্যপ্রদেশের শিল্প পরিবেশ, বিনিয়োগের সুযোগ, নীতি সহায়তা এবং দ্রুত বিকাশমান ইন্ডাস্ট্রিয়াল ইকো-সিস্টেম সম্পর্কে ফরাসি সংস্থাগুলিকে বিস্তারিত জানানো হবে।
জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে, কনক্লেভে অ্যাগ্রো ও ফুড প্রসেসিং, অটোমোবাইল ও ইভি, কনজিউমার গুডস ও রিটেল, ডিফেন্স ও অ্যাভিয়েশন, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, ফার্মা ও মেডিক্যাল ডিভাইস, রিনিউয়েবল এনার্জি, টেক্সটাইল, ট্যুরিজম ও হসপিটালিটি ক্ষেত্রগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই ক্ষেত্রগুলিতে মধ্যপ্রদেশকে উদীয়মান শিল্পকেন্দ্র হিসেবে তুলে ধরা হবে। প্রচলিত বিনিয়োগ আলোচনার পাশাপাশি টেকনোলজি ট্রান্সফার, লোকাল ম্যানুফ্যাকচারিং, স্কিলিং, রিসার্চ কোলাবরেশন এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও জানান, কনক্লেভে সানোফি, ডাসল্ট সিস্টেমস, সুফলে মাল্ট, সিসট্রা, ইডিএফ, অ্যাঞ্জি, মোনিন, রয়্যাল ক্যানিন, ল্যাকটালিস, ভার্টো মোবিলিটি, টেকনিক সোলার, জিওডিস ইন্ডিয়া-সহ একাধিক খ্যাতনামা ফরাসি সংস্থা অংশ নেবে। এই কনক্লেভের মাধ্যমে মধ্যপ্রদেশে নতুন বিনিয়োগ প্রস্তাবের সম্ভাবনা তৈরি হবে। ফরাসি সংস্থা এবং মধ্যপ্রদেশভিত্তিক শিল্প গোষ্ঠীর মধ্যে অংশীদারিত্ব বাড়বে। প্রযুক্তিগত সহযোগিতা ও স্কিল ডেভেলপমেন্টের নতুন সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতের জন্য ক্ষেত্রভিত্তিক শিল্প সহযোগিতার শক্ত ভিত গড়ে উঠবে।
রাজ্যের প্রায় ৬০ থেকে ৮০ জন শিল্প প্রতিনিধিও এই অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁদের সঙ্গে ফরাসি সংস্থাগুলির মধ্যে বি-টু-বি এবং বি-টু-জি বৈঠক হবে। সেখানে সম্ভাব্য বিনিয়োগ, যৌথ উদ্যোগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং শিল্প সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
কুশাভাউ ঠাকরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত মূল অধিবেশনে মধ্যপ্রদেশের শিল্পনীতি, বিনিয়োগ উৎসাহ, ইজ অফ ডুয়িং বিজনেস এবং বিনিয়োগ সহায়ক ব্যবস্থার উপর বিস্তারিত উপস্থাপনা করা হবে। “আনলকিং মধ্যপ্রদেশ: পলিসি, পার্টনারশিপস অ্যান্ড পাথওয়েজ ফর সাসটেইনেবল ইনভেস্টমেন্ট” শীর্ষক বিশেষ প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে। সেখানে ফ্রান্সের শীর্ষ সংস্থাগুলির প্রতিনিধিরা অংশ নেবেন। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব মূল অধিবেশনে বক্তব্য রাখবেন এবং ফরাসি প্রতিনিধিদলের সামনে মধ্যপ্রদেশের শিল্প ভাবনা, বিনিয়োগ সম্ভাবনা, পরিকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল তুলে ধরবেন।
মুখ্যমন্ত্রী ডঃ যাদবের উপস্থিতিতে একাধিক ফরাসি সংস্থার তরফে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পেশ করা হবে এবং গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং ফরাসি সংস্থাগুলির শীর্ষ প্রতিনিধিদের মধ্যে বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। সেখানে সম্ভাব্য বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি শিল্প অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠান শেষে ফরাসি প্রতিনিধিদল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভীমবেটকা রক শেল্টার্সও পরিদর্শন করবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য