
ভোপাল, ১২ মে (হি.স.) : মঙ্গলবার আন্তর্জাতিক নার্স দিবস। অসুস্থ মানুষের চিকিৎসায় চিকিৎসক ও ওষুধের পাশাপাশি নার্সদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর ১২ মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ যাদব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বার্তায় বলেন, “নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি সেবা, সংবেদনশীলতা এবং মানবিকতার জীবন্ত প্রতীক। নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে প্রতিটি পরিস্থিতিতে যাঁরা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন, সেই সমস্ত নার্স ভাই-বোনদের আন্তর্জাতিক নার্স দিবসের আন্তরিক শুভেচ্ছা। আপনারা এভাবেই মানবতার সেবা করে চলুন, ঈশ্বর আপনাদের অপরিসীম শক্তি দিন।”
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মঙ্গলবার 'আন্তর্জাতিক নার্স দিবস' পালিত হচ্ছে। আধুনিক নার্সিং-এর পথ প্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণ করে প্রতি বছর ১২ মে দিনটি পালিত হয় 'ইন্টারন্যাশনাল নার্সেস ডে' হিসেবে। চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা সবাইকে স্মরণ করিয়ে দেয় এই দিনটি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য