
কলকাতা, ১২মে (হি. স.) : শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়l মঙ্গলবার ফেসবুক পেজে তিনি লিখেছেন, প্রথিতযশা শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্মদিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।
উল্লেখ্য, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক। পাশাপাশি, তিনি ছিলেন চিত্রকর এবং প্রকাশক। অন্যদিকে, বেহালা বাদক ও সুরকারও ছিলেন তিনি। প্রসঙ্গত, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পাদনায় বিখ্যাত শিশুতোষ মাসিক পত্রিকা সন্দেশ প্রথম প্রকাশিত হয়। দেশবিদেশের গল্প, হাস্যকৌতুক, জ্ঞান বিজ্ঞানের কথা ইত্যাদি লেখার পাশাপাশি নিজের আঁকা নানা বুদ্ধিদীপ্ত ছবি সংযোজনের মাধ্যমে সন্দেশকে তিনি যোগ্য একটি পত্রিকা হিসেবে গড়ে তুলেছিলেন। উপেন্দ্রকিশোর শিশুকিশোরদের জন্য বহুসংখ্যক সাহিত্য পুস্তক রচনা করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ: ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, সেকালের কথা, মহাভারতের গল্প, ছোট্ট রামায়ণ, টুনটুনির বই এবং গুপী গাইন বাঘা বাইন।
১৮৬৩ সালে আজকের দিনে ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই উপেন্দ্রকিশোরের অনুরাগ ছিল বাঁশি, বেহালা ও সঙ্গীতের প্রতি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত