
কলকাতা, ১২ মে (হি. স.) : মালাবর গোল্ড আ্যন্ড ডায়মন্ডস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -র ‘দায়িত্বশীল স্বর্ণ ব্যবহারের’ আহ্বানকে সমর্থন জানিয়ে কেন্দ্রের কাছে গোল্ড মনিটাইজেশন স্কিম (GMS) শক্তিশালী করার প্রস্তাব দিল। সংস্থার চেয়ারম্যান এম. পি. আহাম্মদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল - এর কাছে বিস্তারিত সুপারিশপত্র জমা দিয়েছেন।
সংস্থার দাবি, ঐই মুহূর্ত দেশে বছরে প্রায় ৭০০-৮০০ টন সোনা আমদানি করতে হয়। অথচ ভারতীয় পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় ২৫ হাজার থেকে ৩৫ হাজার টন সোনা অলস অবস্থায় পড়ে রয়েছে। সেই সোনাকে পুনর্ব্যবহার, বিনিময় ও আর্থিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে পারলে আমদানিনির্ভরতা ও বৈদেশিক মুদ্রার উপর চাপ অনেকটাই কমবে।
প্রস্তাবে সংগঠিত জুয়েলারি সংস্থাগুলিকে GMS-এর আওতায় আনা, ন্যূনতম জমার পরিমাণ ১০ গ্রামের বদলে ১ গ্রাম করা, নগদ বা সোনায় ফেরতের সুযোগ, সহজ ই-কেওয়াইসি, কম লক-ইন সময় এবং জিএসটি ছাড়ের মতো একাধিক সুপারিশ করা হয়েছে। সংস্থার মতে, দেশের মোট গৃহস্থালি সোনার মাত্র ১-২ শতাংশও যদি বাজারে ফিরে আসে, তা হলে বছরে বিপুল পরিমাণ আমদানি কমানো সম্ভব হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত