
মুম্বই, ১২ মে (হি.স.) : নিট ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে মহারাষ্ট্রের নাসিকের যোগ সামনে এসেছে। এই ঘটনায় নাসিকের একটি প্রিন্টিং প্রেসের মালিকের জড়িত থাকার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নাসিক পুলিশ কমিশনারেটের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার কিরণ চৌহান, সহকারী পুলিশ কমিশনার সন্দীপ মিটকে এবং সার্কেল-২-এর ডেপুটি কমিশনার কিশোর কালে যৌথ সাংবাদিক বৈঠকে এই তথ্য মঙ্গলবার জানান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ মে দেশজুড়ে নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, প্রশ্নপত্রটি নাসিকের একটি প্রিন্টিং প্রেসে ছাপা হয়েছিল। এরপর সেই প্রশ্নপত্র হরিয়ানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, বিহার ও কেরলমের মতো বিভিন্ন রাজ্যে পৌঁছে যায় বলে সন্দেহ করা হচ্ছে।
বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। কংগ্রেসের শহর সভাপতি আকাশ ছাজেড় প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর আইন প্রণয়ন এবং দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্তের দাবিও তোলা হয়েছে।
এই ঘটনায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য