( লিড) নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্তে নামছে সিবিআই
কোটা, ১২ মে (হি.স.) : বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত ৩ মে দেশজুড়ে অফলাইন মোডে আয়োজিত নিট-ইউজি, ২০২৬ পরীক্ষা মঙ্গলবার বাতিল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সবুজ সংকেত মেলার পর জানানো হয়েছে যে, এই পরীক্ষা
নিট-ইউজি


কোটা, ১২ মে (হি.স.) : বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত ৩ মে দেশজুড়ে অফলাইন মোডে আয়োজিত নিট-ইউজি, ২০২৬ পরীক্ষা মঙ্গলবার বাতিল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সবুজ সংকেত মেলার পর জানানো হয়েছে যে, এই পরীক্ষা পুনরায় গ্রহণ করা হবে। নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের আর কোনও আবেদন ফি দিতে হবে না এবং আগে জমা দেওয়া অর্থও ফেরত দেওয়া হবে।

এনটিএ-র তথ্য অনুযায়ী, এই বছর মোট ২২,৭৯,৭৪৬ জন পরীক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যার মধ্যে ১৩,৩২,৯২৮ জন ছাত্রী এবং ৯,৪৬,৮১৫ জন ছাত্র ছিলেন। গত ৩ মে রাজস্থানের কিছু পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজস্থানের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ঘটনার তদন্ত শুরু করে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং পড়ুয়াদের স্বার্থেই এটি পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ৭ মে সন্ধ্যায় রাজস্থানের কয়েকটি কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস এবং ডামি পেপার বিক্রির মতো সন্দেহজনক কার্যকলাপের ইনপুট পায় এনটিএ। এরপরই সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রকের অনুমোদনের পর চূড়ান্তভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার পরবর্তী তারিখ শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তভার সিবিআই -এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এনটিএ সমস্ত পরীক্ষার নথি এবং রেকর্ড দিয়ে সিবিআই-কে সহযোগিতা করবে। উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমে দেশের মেডিকেল, ডেন্টাল, আয়ুষ এবং নার্সিং কলেজের প্রায় ২.৬৫ লক্ষ আসনে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয়। ভারতের ৮২০টি মেডিকেল কলেজে বর্তমানে এমবিবিএস-এর প্রায় ১.২৯ লক্ষ আসন রয়েছে, যার মধ্যে সরকারি ও বেসরকারি উভয় কলেজই অন্তর্ভুক্ত।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande