
শ্রীভূমি (অসম), ১২ মে (হি.স.) : সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রুখতে শ্রীভূমি জেলার অন্তর্গত নিলামবাজার থানা কর্তৃপক্ষে পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার এক বিশেষ সড়ক সুরক্ষা সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দা, গাড়িচালক, ছাত্র-যুবক সহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।
সভায় পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। সড়কে সামান্য অসচেতনতা যে বড় দুর্ঘটনার কারণ হতে পারে, সে বিষয়ে বিস্তারিতভাবে সচেতন করা হয়েছে সভায়।
সভায় হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বলা হয়, বাইক আরোহীদের জন্য হেলমেট পরিধান বাধ্যতামূলক এবং চারচাকার গাড়ির চালক ও যাত্রীদের অবশ্যই সিটবেল্ট ব্যবহার করতে হবে। এছাড়া নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিং এড়িয়ে চলা এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার উপর জোর দেওয়া হয়।
পুলিশ আধিকারিকরা আরও জানান, প্রত্যেক চালকের সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার যে মারাত্মক ঝুঁকির কারণ, সে বিষয়েও সতর্ক করা হয়।
নিলামবাজার থানার পুলিশ আধিকারিকরা বলেন, শুধুমাত্র পুলিশি নজরদারি নয়, সাধারণ মানুষের সচেতনতাই পারে একটি নিরাপদ ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাফিক নিয়ম মেনে চললে অকাল মৃত্যু ও দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলেও তাঁরা উল্লেখ করেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস