
নয়াদিল্লি, ১২ মে (হি.স.): পঞ্জাবে ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, পঞ্জাবে দুর্নীতির শিকড় এতটাই গভীরে পৌঁছেছে যে তদন্তের আঁচ এবার সরাসরি ভিজিল্যান্স সদর দফতর পর্যন্ত গড়িয়েছে। সিবিআইয়ের তরফে পঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর সদর দফতর সিল করে দেওয়াই প্রমাণ করে যে মান সরকার দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে রয়েছে।
সাংবাদিক বৈঠকে তরুণ চুঘ বলেন, এর আগেই ইডি মান সরকারের এক প্রবীণ মন্ত্রিসভার সদস্যকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেফতার করেছিল, যা পঞ্জাবের জন্য লজ্জার বিষয়। তাঁর অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল
ভগবন্ত মান-এর জুটি পঞ্জাবকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। রাজ্যে এএপি-সমর্থিত মাফিয়া ও গ্যাংস্টাররা প্রকাশ্যে লুটপাট চালাচ্ছে। কেজরিওয়াল পঞ্জাবকে নিজের ‘এটিএম’ বানিয়ে ফেলেছেন, যেখানে সরকারি কোষাগার লুট করে ব্যক্তিগত ভান্ডার ভরা হচ্ছে।
চুঘ আরও দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে দাবি মান সরকার করে তা সম্পূর্ণ ভাঁওতা। তাঁর অভিযোগ, এএপি বিধায়করা নিজেদের বাড়িতেই ‘টর্চার সেন্টার’ তৈরি করেছেন, যেখানে সরকারি আধিকারিক ও সাধারণ মানুষকে মানসিকভাবে হেনস্থা করা হয়। অমৃতসরে এক প্রবীণ আধিকারিকের আত্মহত্যার ঘটনাও সেই মানসিক নির্যাতনের ফল বলে দাবি করেন তিনি।
সাম্প্রতিক ঘটনাবলির উল্লেখ করে বিজেপি নেতা বলেন, পুরসভাগুলিতে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এএপি বিধায়কদের ঘনিষ্ঠদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে। পাশাপাশি পটিয়ালায় মুখ্যমন্ত্রী মানের ঘনিষ্ঠ এক ডিআইজি-কে সিবিআই গ্রেফতার করায় ‘খাকি ও খদ্দরের অপবিত্র যোগসাজশ’ প্রকাশ্যে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
শেষে পঞ্জাবের মানুষের উদ্দেশে তরুণ চুগ বলেন, কেজরিওয়াল-মান জুটির ‘রাষ্ট্রবিরোধী ও সমাজবিরোধী’ উদ্দেশ্য সম্পর্কে মানুষকে সতর্ক হতে হবে। দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে এবার সরব হওয়ার সময় এসেছে বলেও দাবি করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য