নিট পরীক্ষা বাতিল, যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে অপরাধের অভিযোগ রাহুলের
নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল হওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা । তাঁর অভিযোগ, ২২ লক্ষেরও বেশি পড়ুয়ার পরিশ্রম, ত্যাগ ও স্বপ্নকে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা পিষে দিয়েছে। প্রশ্নফাঁস, প্রশাসনিক গা
নিট পরীক্ষা বাতিল, যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে অপরাধের অভিযোগ রাহুলের


নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল হওয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা । তাঁর অভিযোগ, ২২ লক্ষেরও বেশি পড়ুয়ার পরিশ্রম, ত্যাগ ও স্বপ্নকে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা পিষে দিয়েছে। প্রশ্নফাঁস, প্রশাসনিক গাফিলতি এবং শিক্ষাক্ষেত্রে সংঘবদ্ধ দুর্নীতির জেরে দেশের যুবসমাজের ভবিষ্যৎ বিপদের মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি।

এক্স-এ করা পোস্টে রাহুল গান্ধী লেখেন, “কেউ ঋণ নিয়ে সন্তানের পড়াশোনার খরচ জুগিয়েছেন, কেউ গয়না বিক্রি করেছেন, লক্ষ লক্ষ পড়ুয়া রাত জেগে পড়াশোনা করেছে। অথচ বদলে তারা পেয়েছে প্রশ্নফাঁস আর দুর্নীতি। এটা শুধু ব্যর্থতা নয়, যুবসমাজের ভবিষ্যতের সঙ্গে অপরাধ।”

তিনি আরও বলেন, প্রতিবারই প্রশ্নফাঁস চক্র পার পেয়ে যায়, অথচ সৎ পড়ুয়ারাই শাস্তি পায়। ফলে লক্ষ লক্ষ পড়ুয়াকে ফের মানসিক চাপ, আর্থিক বোঝা ও অনিশ্চয়তার মুখে পড়তে হবে। “যদি শিক্ষা পরিশ্রমে নয়, টাকা আর প্রভাবের ভিত্তিতে নির্ধারিত হয়, তাহলে শিক্ষার মূল্য কোথায়?”— প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।

উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং তদন্তকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্র সরকার। এনটিএ জানিয়েছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই পুনরায় পরীক্ষা নেওয়া হবে। নতুন পরীক্ষার দিনক্ষণ ও অ্যাডমিট কার্ড সংক্রান্ত সূচি শীঘ্রই প্রকাশ করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande