
গুয়াহাটি, ১২ মে (হি.স.) : তিন দিনের সফরসূচি নিয়ে আগামীকাল বুধবার অসমে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। আগামীকাল ১৩ মে বিকালের দিকে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সোজা হোজাইয়ের উদ্দেশে রওয়ানা হবেন।
আজ মঙ্গলবার প্রেস বিবৃতিতে আরএসএস-এর উত্তর অসম প্রান্তের প্রচারপ্রমুখ কিশোর শিবম এ খবর দিয়ে জানান, হোজাইয়ের সংস্কার মন্দির প্রকল্পে গতকাল ১১ মে থেকে সংঘের ‘কার্যকর্তা বিকাশ বর্গ’ (দ্বিতীয় বর্ষ প্রশিক্ষণ শিবির) শুরু হয়েছে। ১৪, ১৫ এবং ১৬ মে পর্যন্ত তিনদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন ডা. মোহন ভাগবত। হোজাইয়ের কর্মসূচি শেষে ১৭ মে সকালে গুয়াহাটি ফিরে আসবেন। গুয়াহাটির বড়বাড়িতে অবস্থিত সংঘের সদর কার্যালয় সুদর্শনালয়-এ কিছু সময় বিশ্রাম নিয়ে নাগপুরের উদ্দেশে যাত্রা করবেন সরসংঘচালক ডা. মোহন ভাগবত।
উল্লেখ্য, হোজাইয়ের সংস্কার মন্দির প্রকল্প প্রাঙ্গণে ১১ মে থেকে শুরু হওয়া ২০ দিনের প্রশিক্ষণ শিবির ১ জুন শেষ হবে। আরএসএস-এর অসম ক্ষেত্রের উদ্যোগে পরিচালিত এই প্রশিক্ষণে শুধুমাত্র সংঘ শিক্ষাবর্গের প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ংসেবকরাই অংশ নিতে পারেন।
এই প্রশিক্ষণ শিবিরে উত্তর অসম, দক্ষিণ অসম, ত্রিপুরা, মণিপুর এবং অরুণাচল, এই পাঁচ প্রান্ত থেকে মোট ১০৩ জন স্বয়ংসেবক অংশগ্রহণ করছেন। এর মধ্যে উত্তর অসম থেকে ৫৬ জন, ত্রিপুরা থেকে ২০ জন, মণিপুর থেকে ১৩ জন, দক্ষিণ অসম থেকে আটজন এবং অরুণাচল থেকে ছয়জন অংশগ্রহণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস