
মুম্বই, ১২ মে (হি.স.) : সম্প্রতি লাইভ কনসার্ট চলাকালীন হঠাৎ মঞ্চে উঠে পড়েন এক অনুরাগী। সেই ঘটনাকে কেন্দ্র করে ফের চর্চায় গায়ক সোনু নিগম। সম্প্রতি কোলহাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ঘটে এই ঘটনা। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গিয়েছে, গান গাওয়ার সময় এক যুবক হঠাৎ মঞ্চে উঠে সোনু নিগমের পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করেন। আচমকা এই ঘটনায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্য তৈরি হলেও পরিস্থিতি সামাল দেন গায়ক। নিরাপত্তারক্ষীরা ওই যুবককে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সোনু নিজেই হস্তক্ষেপ করেন। পরে ওই যুবককে ফের মঞ্চে ডেকে গান গাওয়ার সুযোগও দেন তিনি।
ঘটনার ভিডিও পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন সোনু নিগম। পাশাপাশি এমন আচরণ না করার পরামর্শও দেন তিনি। গায়ক লেখেন,এমন কাজ কেন করেন, যাতে মার খেতে হয়? এবার বাঁচিয়ে দিলাম, পরের বার হয়তো পারব না।
সোশ্যাল মিডিয়ায় সোনু নিগমের এই ব্যবহারের প্রশংসা করেছেন অনুরাগীরা। অনেকেই তাঁর ধৈর্য ও শান্ত স্বভাবের প্রশংসা করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস