
নয়াদিল্লি, ১২ মে (হি.স.): কয়লা পাচার মামলা দীর্ঘায়িত করা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। ইডির ভূমিকায় উষ্মা প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। ওই মামলা দীর্ঘ দিন ধরে কেন টেনে নিয়ে যাচ্ছে ইডি। কেন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। এই নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত।
মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের মন্তব্য, ‘‘প্রায় ৬ বছর ধরে মামলাটি নিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ কোনও পদক্ষেপই হয়নি।’’
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় অনুপ মাজি-সহ তৃণমূলের অনেক নেতার নাম রয়েছে বলেও ইডি সূত্রে দাবি। কয়লা পাচারের তদন্তে গত বছরের নভেম্বরে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। অবৈধ খনন এবং কয়লাচুরি সংক্রান্ত এই মামলাতেই উঠে এসেছে অনুপ মাজি ওরফে লালার নাম। অনুপ মাজির জামিনের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি, আর এদিন মামলা দীর্ঘায়িত করা নিয়ে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ