
আগরতলা, ১২ মে (হি.স.) : পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে ভারতীয় জনতা পার্টির জয়জয়কার দলের নেতৃত্ব এবং শাসন ব্যবস্থার প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন, বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
আজ মঙ্গলবার গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং তাঁর মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আগরতলায় সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে তিনি অসমের টানা দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেছেন।
ড. শর্মা নেতৃত্বাধীন অসম সরকারের ভূমিকা প্রসঙ্গে আশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, তিনি রাজ্যের উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং দিগনির্দেশনায় অসমের আরও উন্নয়ন হবে।
ডা. মানিক সাহা বলেন, ‘আমরা খুবই খুশি, আমরা পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরি, সব জায়গায় জয়লাভ করেছি। সব জায়গায় ফল ভালো হয়েছে। আমরা প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য অর্জন করছি।’
এছাড়া তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী অসমের রাজনৈতিক পরিস্থিতিকে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা বলে লিখে একে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের জন্যও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ টানা তৃতীয়বার সরকার গঠিত হওয়ায় অসমবাসীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, এই জয় ‘উন্নয়ন, সুশাসন এবং মানুষের আস্থার প্রতিফলন।’ তিনি হিমন্তবিশ্ব শর্মাকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল মেয়াদ কামনা করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস