
কলকাতা, ১২ মে (হি. স.) : ক্রীড়াজগত ও রাজনৈতিক মহলের জন্য অত্যন্ত দুশ্চিন্তার খবর নিয়ে এল মঙ্গলবার সকাল। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিশিষ্ট শিল্পপতি তথা মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপনসাধন (টুটু) বসু। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে তড়িঘড়ি কলকাতার বেলভিউ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে যে ৮১ বছর বয়সী এই বর্ষীয়ান ব্যক্তিত্বের কার্ডিয়াক অ্যারেস্ট ধরা পড়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ভেন্টিলেশনে রয়েছেন।
স্বপনসাধন বসুর শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়তেই কলকাতা ময়দান ও ক্রীড়া মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। মোহনবাগান ক্লাব তাঁবুতে প্রতি মুহূর্তে অনুরাগীদের ফোনের বন্যা বয়ে যাচ্ছে এবং সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। ময়দানের এই অভিভাবক-সম ব্যক্তিত্বের কর্মজীবন অত্যন্ত বর্ণময়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদ ছিলেন। তার আগে দীর্ঘ সময় তিনি বামফ্রন্ট ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন।
ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি মোহনবাগান ক্লাবের দীর্ঘদিনের সভাপতি ছিলেন এবং বর্তমানে 'মোহনবাগান রত্ন' সম্মানে ভূষিত। এছাড়াও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা-র ‘ক্লাব টাস্ক ফোর্স’-এর সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ময়দানের কর্ণধারের এই আকস্মিক অসুস্থতায় ক্রীড়া ও রাজনৈতিক উভয় মহলেই বর্তমানে শোকের বাতাবরণ বিরাজ করছে। চিকিৎসকরা জানিয়েছেন যে তাঁর শারীরিক অবস্থার ওপর প্রতি মুহূর্তে নিবিড় নজর রাখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত