
আজমের, ১২ মে ( হি.স.): রাজস্থানের আজমেরে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই নেপালি মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে আজমেরের সিভিল লাইন্স থানার অন্তর্গত এলাকায়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন নেপালের মঙ্গলাপুরের বাসিন্দা চেম কুমার এবং অন্যজন নেপালের পোখরা রোড জেলার বাসিন্দা অজয় রানা। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ২ কিলোগ্রাম মাদক ( চরস) , যার বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , ধৃত চেম এবং অজয় বাসে করে এসেছিলেন আজমেরে। সিভিল লাইন্স থানার কাছে অবস্থিত সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে পুলিশ টহল দিচ্ছিল। সেইসময় বাস থেকে নামা দুজনকে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদের দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থল থেকে চেম এবং অজয়কে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই মাদক পাচারের সঙ্গে আরও বড় কোনও চক্র যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক