
গুয়াহাটি, ১২ মে (হি.স.) : অসমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত অন্বেষণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র, বলেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। আজ মঙ্গলবার গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং তাঁর মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও।
গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩.০ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর তাঁর এক্স হ্যান্ডলে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং অসমের মধ্যে অনেক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের দুই দেশের জন্য আরও অনেক লাভজনক সুযোগ খুঁজে বের করব।’
একটি দেশের রাজ্যস্তরের শপথ গ্রহণ অনুষ্ঠানে একজন মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর এই বার্তায় বোঝা যাচ্ছে, উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের প্রতি ওয়াশিংটনের কূটনৈতিক ও বাণিজ্যিক আগ্রহ ক্রমশ বাড়ছে।
প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর থেকে সার্জিও গোর ভারতে অন্যতম সক্রিয় মার্কিন কূটনীতিক হিসেবে পরিচিত। এর আগে তিনি নিশ্চিত করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। সংক্ষেপে তিনি এক্স-এ লিখেছিলেন: ‘প্রেসিডেন্ট ট্রাম্প জাস্ট স্পোক উইথ প্রাইম মিনিস্টার মোদী। স্টে টিউন্ড।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস