
কলকাতা, ১২ মে (হি.স.): খাদ্য দফতরের দায়িত্ব নিয়েই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া মঙ্গলবার জানালেন, দুর্নীতির শিকড় যত গভীরেই থাকুক না কেন, তা উপড়ে ফেলাই তাঁর প্রথম লক্ষ্য। এদিন রেশন কার্ড ও নাগরিকত্ব নিয়েও বার্তা দেন মন্ত্রী। তিনি বলেন, ভারতবর্ষের নাগরিক নন এমন কেউ সরকারি সুবিধা পাবেন না। যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, তাঁরা সমস্ত সরকারি সুযোগ পাবেন। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন তিনি। অশোক কীর্তনিয়া এ দিন খাদ্য ভবনে দাঁড়িয়ে বলেন, দুর্নীতি এখন অতীত। আমার সময়ে খাদ্য দফতরে কোনও দুর্নীতি হবে না। দল আমাকে ভরসা করে গুরুত্বপূর্ণ এই দফতরের মন্ত্রী করেছে। দলের মর্যাদা আমি রাখব। মানুষের খাবারের সঙ্গে কোনও দুর্নীতি বরদাস্ত করব না।
তৃণমূলের আমলের রেশন দুর্নীতির অভিযোগ ও জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর নতুন বিজেপি সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে অশোক কীর্তনিয়ার এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ