
আরামবাগ, ১২ মে (হি.স.): রামকৃষ্ণ সেতুর হাইট বার কমানোকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগে। সোমবার রাতে কর্মরত পুলিশ ও পথচারীদের মধ্যে ব্যাপক বচসা ও গন্ডগোলের সৃষ্টি হয়। জানা যায়, কয়েক মাস আগেই গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এরপর থেকেই সেতুর উপর যানবাহন চলাচলে একাধিক বিধিনিষেধ জারি করে প্রশাসন।
গত কয়েক মাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও, গতকাল রাতে ফের হাইট বারের উচ্চতা কমানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সাধারণ মানুষের অভিযোগ, এইভাবে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি থাকলে পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরপথে যেতে হবে, ফলে পরিবহণ খরচ অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও স্থানীয়দের দাবি, সেতুর একাংশ ভেঙে পড়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও, এখনও পর্যন্ত নতুন ব্রিজ নির্মাণের কোনও স্পষ্ট পরিকল্পনা সামনে আসেনি। এই প্রশ্ন তুলেই সাধারণ মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA