
কৈলাসহর (ত্রিপুরা), ১২ মে (হি.স.) : চার দিন ধরে নিখোঁজ। পরিবারে উৎকণ্ঠা, এলাকায় জল্পনা। আর তারপর হঠাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে সামনে এল শিউরে ওঠার মতো এক রহস্য। কৈলাসহরের নিখোঁজ বাসিন্দা নিত্যানন্দ মালাকার কি তবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে মৃত্যুর কোলে ঢলে পড়লেন?
ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার বাসিন্দা নিত্যানন্দ মালাকার গত ৯ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান না পেয়ে অবশেষে ১১ মে কৈলাসহর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
এর মধ্যেই মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর ভিডিও। দেখা যায়, বাংলাদেশের মৌলবিবাজার জেলার কুলাউড়া থানা এলাকার মনু নদী থেকে উদ্ধার করা হচ্ছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নিথর দেহ। ভিডিওটি চোখে পড়তেই পরিবারের সদস্যদের বুক কেঁপে ওঠে। শুরু হয় তড়িঘড়ি খোঁজখবর।
পরে বিশ্বস্ত সূত্রে জানা যায়, পুলিশের সহায়তায় মৃতদেহটির ছবি সংগ্রহ করে পরিবারের সদস্যরা দাবি করেন, সেটিই নিত্যানন্দ মালাকারের মৃতদেহ। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি।
কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, “পরিবারের সদস্যরা ছবি দেখে মৃতদেহটি নিত্যানন্দ মালাকারের বলে দাবি করেছেন। তবে আমরা বিষয়টি নিয়ে বিএসএফ ও বিজিবি-র সঙ্গে যোগাযোগ করছি। বর্তমানে বাংলাদেশে মৃতদেহটির ময়নাতদন্ত চলছে। সরকারি ভাবে সম্পূর্ণ তথ্য হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
সীমান্তের এপার থেকে নিখোঁজ, ওপারে উদ্ধার মৃতদেহ—এই ঘটনার নেপথ্যে কী আছে, তা নিয়েই ঘনীভূত হচ্ছে রহস্য। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও অজানা ঘটনা—উত্তর মিলবে তদন্তের পরেই।
ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারে শোক, এলাকায় আতঙ্ক, আর সীমান্তজুড়ে এক অদ্ভুত অনিশ্চয়তার আবহ। এখন সবার একটাই প্রশ্ন—নিত্যানন্দের নিখোঁজ হওয়ার পেছনে ঠিক কী ঘটেছিল?
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ