নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে কদমতলায় বিডিও-র কাছে রেগা কর্মীদের ডেপুটেশন
কদমতলা (ত্রিপুরা), ১২ মে (হি.স.) : দীর্ঘদিনের বকেয়া দাবি, চাকরির নিরাপত্তা এবং ন্যায্য সুযোগ-সুবিধার দাবিতে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) উৎপল দাসের কাছে স্মারকলিপি প্রদান করলেন রেগা কর্মীরা। ‘অল ত্রিপ
রেগা কর্মীদের ডেপুটেশন


কদমতলা (ত্রিপুরা), ১২ মে (হি.স.) : দীর্ঘদিনের বকেয়া দাবি, চাকরির নিরাপত্তা এবং ন্যায্য সুযোগ-সুবিধার দাবিতে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) উৎপল দাসের কাছে স্মারকলিপি প্রদান করলেন রেগা কর্মীরা। ‘অল ত্রিপুরা এমজিএনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর কদমতলা ব্লক কমিটির উদ্যোগে এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডেপুটেশনে অংশগ্রহণকারী কর্মীরা জানান, ২০০৭ সাল থেকে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করলেও এখনও পর্যন্ত তাঁরা নিয়মিতকরণের বাইরে রয়েছেন। অপর্যাপ্ত বেতন, সীমিত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতির অবসান ঘটাতে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলির মধ্যে রয়েছে— সমস্ত স্তরের রেগা কর্মীদের অবিলম্বে নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট বর্তমান ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা, অবসরের বয়সসীমা ন্যূনতম ৬৫ বছর নির্ধারণ এবং রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীদের মতো একই সময়ে সমহারে মহার্ঘ ভাতা (ডিএ) বা সমপরিমাণ আর্থিক সুবিধা প্রদান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০১২ সালের সরকারি মেমোরেন্ডামে উল্লেখিত ‘সমান কাজে সমান বেতন’ নীতির আলোকে তাঁদের ন্যায্য দাবি মেনে নেওয়া উচিত। তাঁরা বলেন, বহু বছর ধরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেও রেগা কর্মীরা এখনও বঞ্চনার শিকার।

ডেপুটেশন গ্রহণ করে বিডিও উৎপল দাস কর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি যথাযথভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হবে।

বিডিও-র এই আশ্বাসে কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁরা জানান, সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরূপ দেব, মহম্মদ সিরাজ উদ্দিন, বিদ্যুৎ দাস, বিজিত দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande