টিটিএএডিসি ঠিকেদারদের টেন্ডার বঞ্চনা, পূর্ত দফতরে তিপ্রা মথার স্মারকলিপি
আগরতলা, ১২ মে (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকার লাইসেন্সপ্রাপ্ত ঠিকেদারদের রাজ্য সরকারের পূর্ত দফতরের বিভিন্ন কাজের টেন্ডারে অংশগ্রহণ করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানাল তিপ্রা মথা। মঙ
তিপ্রা মথার ডেপুটেশন


আগরতলা, ১২ মে (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকার লাইসেন্সপ্রাপ্ত ঠিকেদারদের রাজ্য সরকারের পূর্ত দফতরের বিভিন্ন কাজের টেন্ডারে অংশগ্রহণ করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানাল তিপ্রা মথা। মঙ্গলবার মহাকরণে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদারের কাছে স্মারকলিপি প্রদান করেন তিপ্রা মথার বিধায়ক ও এমডিসিদের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক ফিলিপ রিয়াং, বিধায়ক পাঠানলাল জমাতিয়া, এমডিসি সুরজ দেববর্মা, জিতেন দেববর্মা এবং জেমস দেববর্মা।

তিপ্রা মথার অভিযোগ, সম্প্রতি রাজ্য সরকারের পূর্ত দফতর এবং স্টেট হাইওয়ে দফতরের বিভিন্ন টেন্ডারে টিটিএএডিসি এলাকার লাইসেন্সপ্রাপ্ত ঠিকেদারদের অংশগ্রহণে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে উপজাতি ও অনগ্রসর এলাকার বহু ঠিকেদার সরকারি কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, “দেশের অন্য কোনও রাজ্যে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত নেই। এমনকি পার্শ্ববর্তী অসমের বরোল্যান্ড ও ডিমা হাসাও স্বশাসিত পরিষদ এলাকার লাইসেন্সধারী ঠিকেদাররাও সংশ্লিষ্ট রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কাজে নির্বিঘ্নে টেন্ডার জমা দিতে পারেন। অথচ ত্রিপুরায় টিটিএএডিসি এলাকার ঠিকেদারদের বঞ্চিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং টিটিএএডিসি এলাকার মানুষের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ। এতে স্থানীয় ঠিকেদারদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং উপজাতি সমাজের উন্নয়নের পথ রুদ্ধ করা হচ্ছে।”

রঞ্জিত দেববর্মা জানান, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বুধবার পূর্ত সচিবের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা রাজ্যে ফিরে এলে তাঁর সঙ্গেও দেখা করে একই দাবি জানানো হবে।

উল্লেখ্য, টিটিএডিসি নির্বাচন পরবর্তী সময়ে টিটিএএডিসি প্রশাসন এবং রাজ্য সরকারের মধ্যে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে টানাপোড়েনের আবহ তৈরি হয়েছে। তারই মধ্যে ঠিকেদারদের টেন্ডার অংশগ্রহণে এই বাধা নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। তিপ্রা মথা নেতৃত্বের দাবি, দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande