
কুমারঘাট (ত্রিপুরা), ১২ মে (হি.স.) : রাজনৈতিক নেতার জন্মদিন মানেই সাধারণত কেক কাটা, শুভেচ্ছা বিনিময় কিংবা আনুষ্ঠানিক কর্মসূচি। কিন্তু ঊনকোটি জেলার ফটিকরায়ে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাসের জন্মদিন উপলক্ষ্যে এক ব্যতিক্রমী ও জনমুখী উদ্যোগ গ্রহণ করল বিজেপি-র যুব সংগঠন যুব মোর্চা। পথ নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে হেলমেটবিহীন মোটরবাইক চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের হাতে তুলে দেওয়া হয় ফল ও মিষ্টি।
মঙ্গলবার বিকেলে ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন নেতাজি চৌমুহনী এলাকায় ফটিকরায় যুব মোর্চার মণ্ডলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। গোধূলি লগ্নে রাস্তায় হেলমেট ছাড়া চলাচলকারী মোটরবাইক চালকদের থামিয়ে তাদের হাতে নতুন হেলমেট তুলে দেন যুব মোর্চার কর্মীরা। আকস্মিকভাবে বিনামূল্যে হেলমেট পেয়ে অনেকেই আনন্দ ও বিস্ময় প্রকাশ করেন।
শুধু পথ নিরাপত্তা সচেতনতা নয়, মানবিক দায়বদ্ধতার পরিচয়ও দেয় যুব মোর্চা। এদিন সকালে ফটিকরায় হাসপাতালে গিয়ে ভর্তি রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানান।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফটিকরায় যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস, ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা যুবনেতা রাজীব দাস সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস বলেন, “মন্ত্রী সুধাংশু দাসের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এলাকার মানুষ প্রার্থনা করছেন। তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। হেলমেটের অভাবে যাতে কেউ দুর্ঘটনায় প্রাণ না হারান, সেই সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি।” তিনি জানান, এদিন প্রায় ২৫ থেকে ৩০ জন মোটরবাইক চালকের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেওয়া হয়েছে।
মন্ত্রীর জন্মদিনে যুব মোর্চার এই সামাজিক ও সচেতনতামূলক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের মতে, রাজনৈতিক কর্মসূচিকে জনস্বার্থের সঙ্গে যুক্ত করার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। অনেকের মতে, এ ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ