
ভুবনেশ্বর, ১২ মে (হি.স.) : আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক নার্সদের সেবা, নিষ্ঠা ও মানবিক অবদানের প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মোহন মাঝি সমাজমাধ্যমে দেওয়া বার্তায় বলেন, ভারতীয় সংস্কৃতিতে ‘সেবা পরমো ধর্মঃ’-এর আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং নার্সরা সহানুভূতির সঙ্গে তাঁদের সেবা ও মানবতার প্রতি নিরলস দায়বদ্ধতার মাধ্যমে সেই আদর্শকেই বাস্তব রূপ দেন। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি হলেন নার্সরা। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা নিরন্তর রোগীদের সেবায় নিয়োজিত থাকেন।
অন্যদিকে বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক নার্সদের অটুট দায়বদ্ধতা, আত্মনিবেদন ও সহমর্মিতাকে শ্রদ্ধা জানান। তিনি নার্সদের ‘সহানুভূতির দূত’ বলে উল্লেখ করে বলেন, তাঁদের সেবামূলক স্পর্শ অসংখ্য মানুষের জীবন রক্ষা করে এবং সমাজকে সুস্থ রাখে।
দুই নেতাই নার্সদের অমূল্য অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাজের সকল স্তরের মানুষকে তাঁদের কাজের মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মঙ্গলবার 'আন্তর্জাতিক নার্স দিবস' পালিত হচ্ছে। আধুনিক নার্সিং-এর পথ প্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী স্মরণ করে প্রতি বছর ১২ মে দিনটি পালিত হয় 'ইন্টারন্যাশনাল নার্সেস ডে' হিসেবে। চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা সবাইকে স্মরণ করিয়ে দেয় এই দিনটি।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য