
নয়াদিল্লি, ১২ মে (হি. স.) : পুদুচেরিতে বুধবার এআইএনআরসি নেতা এন. রাঙ্গাস্বামীর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সাধারণ সম্পাদক তথা পুদুচেরি ইন-চার্জ নিতিন নবীন। সফর চলাকালীন তিনি বিজেপির বিধায়ক এবং কর্মীদের সঙ্গেও দেখা করবেন।
বিজেপি সদর দফতর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিতিন নবীন মঙ্গলবার সন্ধ্যায় পুদুচেরি পৌঁছাবেন। সেখানে দলীয় কর্মীরা তাঁকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিজেপি কার্যালয়ে গিয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন এবং পরে কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি ‘লোক নিবাস’-এ আয়োজিত হবে। সেখানে উপ-রাজ্যপাল কে. কৈলাশনাথন রাঙ্গাস্বামীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের পুদুচেরি নির্বাচনী ইন-চার্জ ডঃ মনসুখ মাণ্ডব্যও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, পুদুচেরিতে এআইএনআরসি-র নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হতে চলেছে। এই জোটে বিজেপি দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে সরকারে শামিল হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি