জিএসটি নীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস
আগরতলা, ১২ মে (হি.স.) : দেশের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জিএসটি নীতি এবং অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য সরকা
কংগ্রেসের সাংবাদিক সম্মেলন


আগরতলা, ১২ মে (হি.স.) : দেশের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জিএসটি নীতি এবং অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। তাঁদের দাবি, সরকার একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষকে প্রকৃত পরিস্থিতি থেকে দূরে রাখার চেষ্টা করছে।

কংগ্রেস নেতাদের অভিযোগ, দেশে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং জীবনরক্ষাকারী ওষুধের মূল্য লাগামছাড়া হারে বেড়ে চলেছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সংসারের খরচ সামলাতে গিয়ে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে। অথচ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করছে না।

সাংবাদিক সম্মেলনে নেতারা আরও বলেন, দেশে বেকারত্বের হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষিত যুবক-যুবতী চাকরির বাজারে প্রবেশ করলেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। শিল্পোন্নয়ন ও বিনিয়োগের অভাবে নতুন চাকরির ক্ষেত্রও তৈরি হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতির কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিও চরম সংকটে পড়েছে বলে দাবি করা হয়।

জিএসটি ব্যবস্থাকেও কংগ্রেস তীব্র সমালোচনা করে। তাঁদের মতে, জটিল জিএসটি কাঠামোর কারণে ছোট ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বহু নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর করের বোঝা বাড়ায় সাধারণ মানুষের আর্থিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে।

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং যুদ্ধের আবহকে কেন্দ্র করে সরকার জনগণের উপর কৃচ্ছসাধনের বোঝা চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তোলে কংগ্রেস। দলের মতে, সংকট মোকাবিলার দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে না দিয়ে সরকারকে কর কমাতে হবে, প্রয়োজনীয় পণ্যে ভর্তুকি পুনরায় চালু করতে হবে এবং অতিধনীদের উপর অধিক হারে কর আরোপ করতে হবে।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আগামী দিনেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে দলীয় নেতারা জানান।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande