
কলকাতা, ১২ মে (হি.স.) : ২০২৬-এর বিধানসভা নির্বাচন পরবর্তী আবহে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানাল এসইউসিআই (সি)। সাম্প্রতিক নির্বাচনে ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করার জেরে তাঁর এই গ্রেফতারিকে ‘গণতন্ত্র বিরোধী’ বলে আখ্যা দিয়েছে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য্য বলেন, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে ভোটগণনা পর্যন্ত নানা ক্ষেত্রে ‘অগণতান্ত্রিক পদ্ধতি’ অনুসরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে সংশয় বা মত প্রকাশ করা প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। চণ্ডীদাসবাবুর অভিযোগ, রাজ্য সরকারের এই পদক্ষেপ আদতে বিরোধী মত দমনের একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা এবং এটি গণতন্ত্রের পক্ষে এক ‘অশনি সংকেত’।
বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, প্রশাসন যেভাবে এই গ্রেফতারি চালিয়েছে তা মুক্ত সমাজ ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে গর্গ চট্টোপাধ্যায়ের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)। দলের মতে, গণতান্ত্রিক কাঠামোয় গঠনমূলক সমালোচনা বা আশঙ্কা প্রকাশের অধিকার কেড়ে নেওয়া বাঞ্ছনীয় নয়। এই ঘটনার প্রতিবাদে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত