
আগরতলা, ১২ মে (হি.স.) : নীট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও পুলিশ সদর দফতর ঘেরাও করল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। পরে ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় সড়ক অবরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে ছাত্র-যুব ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুলিশ সদর দফতরের উদ্দেশ্যে অগ্রসর হলে পশ্চিম আগরতলা থানার পুলিশ বাধা দেয়। এরপর বিক্ষোভকারীরা পুলিশ সদর দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হন।
এসএফআই-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিন বিশালগড়ে এসএফআই মহকুমা কমিটির সম্পাদক হিমাদ্রি সরকার ঘোষ এবং কৃষক আন্দোলনের জনৈক বাম নেতার উপর হামলার ঘটনাতেও তীব্র প্রতিবাদ জানানো হয়। এসএফআই সদর জেলা কমিটির সম্পাদক অভিযোগ করেন, ঘটনার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হলেও তা দেওয়া হয়নি। এর প্রতিবাদেই পুলিশ সদর দফতর ঘেরাও এবং সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।
তিনি দাবি করেন, বর্তমান রাজ্য সরকার প্রতিষ্ঠার পর থেকে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলার ঘটনা বেড়েছে এবং পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবিও জানান তিনি।
দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের পক্ষ থেকে অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ