বিভিন্ন দাবিতে ধর্মনগরে সিআইটিইউ-সহ পাঁচটি গণসংগঠনের বিক্ষোভ মিছিল ও সভা
ধর্মনগর (ত্রিপুরা), ১২ মে (হি.স.) : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর যৌথ মঞ্চের আহ্বানে ‘জাতীয় দাবি দিবস’ উপলক্ষ্যে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় সিআইটিইউ-সহ বামপন্থী পাঁচটি গণসংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। শ্রমিক স্বার্
বামপন্থীদের মিছিল


ধর্মনগর (ত্রিপুরা), ১২ মে (হি.স.) : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর যৌথ মঞ্চের আহ্বানে ‘জাতীয় দাবি দিবস’ উপলক্ষ্যে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় সিআইটিইউ-সহ বামপন্থী পাঁচটি গণসংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। শ্রমিক স্বার্থবিরোধী নতুন শ্রম কোড ও বিধি বাতিল, এমজিএনরেগা প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালু, ২০০ দিনের কাজের গ্যারান্টি এবং সাম্প্রতিক শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা দফতর প্রাঙ্গণে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, নারী সংগঠন এবং উপজাতি গণমুক্তি পরিষদের নেতা-কর্মীরা সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ভগৎ সিং কর্নারে পৌঁছায়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভা শেষে প্রতীকীভাবে শ্রমিকবিরোধী শ্রম কোড বিল দাহ করে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কুর্তি-কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ এবং সিআইটিইউ রাজ্য সহ-সভাপতি অমিতাভ দত্ত কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি ও গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে কাটছাঁটের তীব্র সমালোচনা করেন।

সিআইটিইউ নেতা অমিতাভ দত্ত বলেন, “সমগ্র দেশে শ্রমিকরা তাঁদের ন্যায়সঙ্গত অধিকার ও ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছে। কিন্তু রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সেই আন্দোলন দমন করার চেষ্টা চলছে। শ্রমিকবিরোধী শ্রম কোড বাতিল করতে হবে, এমজিএনরেগা পুনরায় সক্রিয় করতে হবে এবং ২০০ দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে অবিলম্বে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান করতে হবে।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সহ-সভাপতি অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন ও শৈলেন্দ্র চন্দ্র নাথ, সিপিআই(এম) ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়সহ পাঁচ গণসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও অংশ নেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক শশাঙ্ক মজুমদার, মহকুমা সম্পাদক প্রদ্যুৎ শর্মা, সিআইটিইউ ধর্মনগর মহকুমা সভাপতি নিরঞ্জন দেবনাথ সহ বামপন্থী নেতা কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande