
মুম্বই, ১৩ মে (হি.স.) : ভারতীয় চলচ্চিত্রে এখনও পুরুষ দর্শকদের কথা মাথায় রেখেই অধিকাংশ ছবি তৈরি হয় বলে মন্তব্য করলেন অভিনেত্রী আলিয়া ভাট। কান চলচ্চিত্র উৎসবে এক আলোচনায় তিনি বলেন, নারী দর্শকদের পছন্দ ও প্রভাবকে এখনও যথাযথ গুরুত্ব দেওয়া হয় না।
আলিয়া বলেন, বিশ্বজুড়ে নারীকেন্দ্রিক বহু ছবি বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। উদাহরণ হিসেবে তিনি ‘বার্বি’, ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাডা’ এবং ‘উদারিং হাইটস’-এর কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য, ভালো গল্প থাকলে নারী-কেন্দ্রিক ছবিও দর্শকদের মধ্যে সমান জনপ্রিয় হতে পারে।
ভারতীয় সিনেমায় প্রায়শই বলা হয়, ৭৫ শতাংশ দর্শক পুরুষ। এই প্রসঙ্গ তুলে আলিয়া প্রশ্ন তোলেন, তাহলে নারী দর্শকদের পছন্দ ও অংশগ্রহণকে কেন কম গুরুত্ব দেওয়া হবে।
অভিনেত্রীর মতে, কোনও ছবিকে নারী বা পুরুষকেন্দ্রিক হিসেবে না দেখে গল্পকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, ছবিতে নায়ক না নায়িকা রয়েছেন, সেটাই মুখ্য হওয়া উচিত নয়।
ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এবারের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন আলিয়া। আগামী দিনে তাঁকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে। পাশাপাশি তাঁর স্পাই-থ্রিলার ‘আলফা’ নিয়েও চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস