চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার তদন্তভার ডিবি থেকে পিবিআই-তে হস্তান্তরের নির্দেশ আদালতের
চট্টগ্রাম, ১৩ মে (হি.স.) : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় দায়েরকৃত মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে সরিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। আজ
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী (ফাইল ফটো)


চট্টগ্রাম, ১৩ মে (হি.স.) : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় দায়েরকৃত মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে সরিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত।

আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ প্রদান করেছেন। অধিকতর সুষ্ঠু, নিরপেক্ষ এবং গতিশীল তদন্তের স্বার্থে আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। মামলার বাদী ও নিহত আইনজীবী আলিফের ভাই জানে আলমের আবেদনের প্রেক্ষিতে তদন্তভার ডিবি উত্তর বিভাগ থেকে পিবিআই-তে ন্যস্ত করা হয়েছে।

২০২৪ সালের ২৬ নভেম্বর সংঘটিত এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তে কোনও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এবং আসামিদের গ্রেফতারে ব্যর্থতায় আদালত অসন্তোষ প্রকাশ করেছে।

শুনানিকালে বিদায়ী তদন্ত আধিকারিক সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল মামলার অগ্রগতি বিষয়ে আদালতের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। ৪০০ থেকে ৫০০ আসামি অজ্ঞাত থাকলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে না পারাকে তদন্তের বড় সীমাবদ্ধতা হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক ভাঙচুর ও সহিংসতার সৃষ্টি হয়। ওই সময় রঙ্গম কনভেনশন হল সংলগ্ন গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ‘বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত ন্যাবিচারের স্বার্থে তদন্তকারী সংস্থা পরিবর্তন করা হয়েছে। আমরা আশা করি, পিবিআই-এর মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে।’

তদন্তভার হস্তান্তরের এই নির্দেশের ফলে অমীমাংসিত তথা ঝুলন্ত স্পর্শকাতর এই মামলার নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande