
শিমলা, ১৩ মে (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলার সারঘিন এলাকায় ঝোপের মধ্যে থেকে এক নেপালি ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারের ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে খোঁজখবর শুরু করলে দেহটি দেখতে পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে ফরেন্সিক দলও।
শিমলার সিনিয়র পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে মিলিয়ে প্রাথমিকভাবে মৃতের পরিচয় এক নেপালি ব্যক্তির বলে নিশ্চিত হওয়া গিয়েছে। তিনি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলেও জানা গিয়েছে।
দেহে ব্যাপক পচন ধরায় পরিচয় শনাক্ত করতে সমস্যার মুখে পড়তে হয় পুলিশকে। ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেন্সিক তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছিল নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর সারঘিন ও সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক