
রায়বেরেলি, ১৩ মে (হি.স.) : উত্তর প্রদেশের রায়বেরেলি জেলায় বজরং দলের কর্মী ও পুলিশের যৌথ তৎপরতায় ধরা পড়ল চার পশু পাচারকারী। বুধবার চুরুয়া পশ্চিম গ্রাম বাইপাস মোড়ে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শাহেনশাহ, তৌফিক, ফয়জান ও রাম আসারে। তবে পলাতক আরও এক পাচারকারী।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বজরং দলের ফতেহপুর, বাছরাওয়ান ও লখনউ শাখার কর্মীরা পশু পাচারের খবর পান। সেই সূত্র ধরে ফতেহপুর থেকে একটি সন্দেহভাজন ট্রাকের পিছু নেয় তারা এবং গুরুবক্ষগঞ্জ পর্যন্ত অনুসরণ করে পুলিশকে খবর দেয়। পরে চুরুয়া পশ্চিম গ্রাম বাইপাস মোড়ে পুলিশ ও বজরং দলের কর্মীরা ট্রাকটি ঘিরে ফেলে।
ঘটনাস্থল থেকে চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। ট্রাকে থাকা গবাদি পশুগুলিকে উদ্ধার করে নিরাপদে কানহা গোশালায় পাঠানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পশু নির্যাতন আইনের ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক