
অনন্তনাগ, ১৩ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের দিয়ালগামের সরকারি মেডিকেল কলেজে চুরির ঘটনার কিনারা করল অনন্তনাগ পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া একাধিক ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে দিয়ালগাম পুলিশ ফাঁড়ি তদন্ত শুরু করে। তদন্তে সন্দেহভাজনদের ব্যাঙ্ক লেনদেন বিশ্লেষণ করা হলে দুই ব্যক্তির লেনদেনে অসঙ্গতি ধরা পড়ে।এরপর ফাহাদ বিলাল নামে এক সন্দেহভাজনকে চিহ্নিত করে পুলিশ। ধৃত ফাহাদ বিলাল বাংদার দান্তের এলাকার বাসিন্দা। জেরায় সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং মুমিনাবাদের আজান ভাট নামে আরও এক ব্যক্তির সঙ্গে এই ঘটনায় যুক্ত থাকার তথ্য দেয়।চুরি যাওয়া ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ-সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস