শিলিগুড়িতে আসবাবপত্রের কারখানায় ভয়াবহ আগুন, ভস্মীভূত কোটি টাকার সম্পত্তি
শিলিগুড়ি, ১৩ মে (হি. স.) : বুধবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পতিরাম জোত এলাকা। এদিন ভোরে ওই এলাকার অনিল নগরে অবস্থিত একটি পুরোনো আসবাবপত্রের কারখানায় আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কয়েক কোট
শিলিগুড়িতে আসবাবপত্রের কারখানায় ভয়াবহ আগুন, ভস্মীভূত কোটি টাকার সম্পত্তি


শিলিগুড়ি, ১৩ মে (হি. স.) : বুধবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পতিরাম জোত এলাকা। এদিন ভোরে ওই এলাকার অনিল নগরে অবস্থিত একটি পুরোনো আসবাবপত্রের কারখানায় আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কয়েক কোটি টাকার আসবাবপত্র ও মেশিনারি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে এলাকাবাসীরা প্রথম কারখানার ভিতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং যাতায়াতের রাস্তা সরু হওয়ায় দমকলের বড় ইঞ্জিনগুলো সময়মতো পৌঁছাতে পারেনি। রাস্তার সমস্যার কারণে বেশ কিছুক্ষণ উদ্ধারকার্য ব্যাহত হয়। পরবর্তীতে একটি ছোট ইঞ্জিন বিকল্প রাস্তা দিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কারখানা মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ফলে কারখানায় মজুত থাকা প্রচুর পরিমাণ তৈরি আসবাবপত্র এবং কাঁচামাল নষ্ট হয়ে গেছে, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande