
বরেলি, ১৩ মে (হি.স.) : উত্তর প্রদেশের বরেলির ইজ্জতনগর থানা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর অপহরণকাণ্ডে জড়িত এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে এই ঘটনা। ধৃতের নাম বিমল। সে নবাবগঞ্জ থানার রিছোলা এলাকার বাসিন্দা। ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মীও। এখনও পলাতক আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কালাপুর পুলিয়া পিলিভিট রোড এলাকায় টহল ও তল্লাশি অভিযান চালাচ্ছিল ইজ্জতনগর থানার পুলিশ। সেই সময় একটি বাইকে থাকা দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁদের থামার নির্দেশ দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে অভিযুক্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে বিমলের ডান পায়ে গুলি লাগে। অন্য অভিযুক্ত অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ঘটনায় পুলিশকর্মী (কনস্টেবল) নিশু তিওয়ারিও আহত হয়েছেন। আহত দুষ্কৃতী ও পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত বিমল অপহরণ করে মুক্তিপণ আদায়ের একটি মামলায় অভিযুক্ত। প্রাথমিক জেরায় সে জানিয়েছে, গত ৯ মে উমাশঙ্কর, আকাশ ও হরনেশ নামে আরও তিনজনের সঙ্গে মিলে ফান সিটির সামনে থেকে এক যুবককে অপহরণ করা হয়েছিল। উমাশঙ্করকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতের কাছ থেকে একটি অবৈধ ৩১৫ বোরের পিস্তল, একটি তাজা ও তিনটি খালি কার্তুজ, একটি চুরি যাওয়া বাইক এবং নগদ উদ্ধার হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক