
হরিদ্বার, ১৩ মে (হি.স.) : উত্তরাখণ্ড পুলিশের ‘অপারেশন প্রহার’-এর অংশ হিসেবে বুধবার ২৬০ গ্রাম মাদক (স্ম্যাক) উদ্ধার হল হরিদ্বারে। ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ম্যাঙ্গালোর থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৭৮ লক্ষ টাকা বলে পুলিশের দাবি।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হাসিন ওরফে তোতা। সে হরিদ্বারের লাকসার থানার অন্তর্গত লাডপুর কালা গ্রামের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, ম্যাঙ্গালোর থানা পুলিশ ও সিআইইউ রুড়কির যৌথ দল এলাকায় তল্লাশি চালানোর সময় একটি বাইক আরোহীকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করে। পরে তল্লাশিতে তার কাছ থেকে ২৬০ গ্রাম অবৈধ স্ম্যাক উদ্ধার হয়।
এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক