
শিলচর (অসম), ১৩ মে (হি.স.) : কাছাড় জেলার লোহারবন্দ এলাকার এক গ্রামে প্রায় ১২ ফুট দীর্ঘ একটি বিশালাকার কিং কোবরা উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জনবসতিপূর্ণ এলাকায় বিষধর সাপটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বনদপ্তর ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন্যপ্রাণী সংরক্ষণকর্মী ত্রিকাল চক্রবর্তী সহ বনরক্ষী রোহিত মালাকার, রামেশ্বর চাসা এবং বন বিভাগের কর্মকর্তা সাবির আহমেদ লস্কর।
প্রায় তিন ঘণ্টার দীর্ঘ অভিযানের পর অবশেষে বিশাল কিং কোবরাটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। উদ্ধারকারী দলের অনুমান, চলতি বর্ষাকালে খাদ্য কিংবা সঙ্গীর সন্ধানে সাপটি লোকালয়ে ঢুকে পড়ে। সাধারণত কিং কোবরা মানুষ এড়িয়ে চললেও গ্রাম এলাকায় শিশু ও গবাদি পশুর কাছাকাছি সাপটির উপস্থিতি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
সফল উদ্ধার অভিযানের পর বনদপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণ, সাপ সম্পর্কে সচেতনতা এবং নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি জানানো হয়, কিং কোবরা বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২ অনুযায়ী সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত। পরবর্তীতে উদ্ধার হওয়া কিং অজগরকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস